সুন্দরবন থেকে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক

করিম শরীফ বাহিনীর দুই সদস্য ও অস্ত্র
করিম শরীফ বাহিনীর দুই সদস্য ও অস্ত্র | ছবি: এখন টিভি
0

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় অভিযান চালিয়ে বনদস্যু করিম-শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র-গুলি ও জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

আজ (রোববার, ১৭ মে) বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ (৩০) ও মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)।

কোস্ট গার্ড জাহাজ তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় করিম-শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরে রোববার ভোরে ‘‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’’-এর আওতায় সেখানে বিশেষ অভিযান চালানো হয়।’

তিনি বলেন, ‘অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ১ টি বিদেশি একনলা বন্দুক, ২ টি দেশিয় একনলা বন্দুক, ২৪ রাউন্ড তাজা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর ২ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত ডাকাতদের কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।’

আটক দুজনই সুন্দরবনের বনদস্যু করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য। এর মধ্যে রাজন শরীফ বাহিনীটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। জব্দ করা অস্ত্র-গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এএইচ