নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আসামি
গ্রেপ্তার দুই আসামি | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ (রোববার, ৩ মে) ভোরে ফতুল্লার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পলাতক এই দুই আসামিকে আটক করে।

গ্রেপ্তাররা হলেন— শরীয়তপুর জেলার জাজিরা এলাকার আতিয়ার রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (২৯), এবং বরিশাল জেলার গৌরনদী থানার বামিশার এলাকার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)।

র‍্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তারা পলাতক ছিলেন।

পরবর্তীতে র‍্যাব-১১ তাদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

এসএইচ