সোনারগাঁয়ে অস্ত্রের মুখে নগদের ডিষ্ট্রিবিউটর অফিসে লুটের অভিযোগ

নগদের সেই ডিষ্ট্রিবিউটর অফিসের ফলক
নগদের সেই ডিষ্ট্রিবিউটর অফিসের ফলক | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘নগদ’-এর ডিষ্ট্রিবিউটর অফিসে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। আজ (শনিবার, ২ মে) সকালে উপজেলার জালাল টাওয়ারে নগদের ডিস্ট্রিবিউশন অফিসে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ঘটনার পর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ওই ডিষ্ট্রিবিউটর অফিসের মালিক আল আমিন বাদি হয়ে একজনের নাম উল্লেখ করে মোট অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:

ডিষ্ট্রিবিউটরের মালিক আল আমিন বলেন, ‘উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জালাল টাওয়ারে অবস্থিত নগদের ডিষ্ট্রিবিউটর অফিসে সকাল ৯টায় ৮ থেকে ১০ জনের একটি দল শর্টগান, পিস্তল ও দেশিয় অস্ত্র সহ অফিসে প্রবেশ করে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এসময় কর্মকর্তাদের পিস্তল ঠেকিয়ে নগদ ৭ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার ডিভাইসসহ অন্যান্য মালামাল লুট করে নেয়।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। তদন্তের পর আমরা বিস্তারিত জানাতে পারবো যে, মূল ঘটনা আসলে কী।’

এসএইচ