রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

গুলি করার প্রতীকী ছবি
গুলি করার প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৪০) নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেটের বটতলা এলাকায় গুলির ঘটনা ঘটে। হামলাকারী তিনবার গুলি ছুড়ে শাহনেয়াজ হলের দিকে চলে যায়। পরে আবার ফিরে এসে এক রাউন্ড গুলি ছোড়ে। সেসময় সেখানে থাকা স্থানীয়রা গুলি ছোড়া ব্যক্তিকে ধাওয়া করেন। ওই সময় হামলাকারী তার সহযোগীর মোটরসাইকেলে উঠে পালিয়ে যান।

তাদের ভাষ্যমতে, মোটরসাইকেলে দু’জনকে দেখা গেছে। একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, অপরজন নেমে গুলি ছোড়েন। দু’জনের মুখেই মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।

আরও পড়ুন:

নিউমার্কেট থানা পুলিশ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি গুলির চিহ্ন ছিল।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী বলেন, ‘গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহতের পরিচয়ও জানার চেষ্টা করছে পুলিশ।’

এসএস