কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় ৪ সন্দেহভাজন আটক

নিহত বুলেট
নিহত বুলেট | ছবি: এখন টিভি
0

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাব। হত্যায় সংশ্লিষ্ট অন্যদের আটক করতে পুলিশ ও র‌্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান ইবনে আলম জানান, গতকাল (শনিবার, ২৫ এপ্রিল) রাত থেকে আজ (রোববার, ২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত চারজনকে আটক করা হয়েছে এবং এখনো অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হয়েছে। আটকদের মধ্যে দু’জনকে ভারতে পালানোর চেষ্টাকালে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে আগামীকাল (সোমবার, ২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:

এর আগে, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে কুমিল্লায় আসেন। পথে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিলো। সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বুলেটের মা নিলীমা বৈরাগী কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।

আজ বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ কুমিল্লা কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে নেয়া হয়। সেখানে সহকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে দুপুর ১২টায় মরদেহ নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেয়া হয়।

উল্লেখ্য, নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এসএইচ