নারায়ণগঞ্জে লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ

ডাকাতির পর সেই প্রবাসীর ঘরের এলোমেলো অবস্থা
ডাকাতির পর সেই প্রবাসীর ঘরের এলোমেলো অবস্থা | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বাড়ির মালিক দাবি করেন, দুর্বৃত্তরা বাড়ির মালিক হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে।

গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাফিজুর রহমান হিরন জানান, তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করছেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। ঘটনার রাতে ১২ থেকে ১৫ জনের একটি দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বেঁধে ফেলে এবং চিৎকার করলে প্রাণনাশের হুমকি দেয়।

আরও পড়ুন:

তিনি অভিযোগ করেন, ডাকাতরা ঘরে থাকা প্রায় ২৭ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা এবং কাপড়-চোপড়সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালিয়ে ভোর ৪টার দিকে তারা পালিয়ে যায়।

ঘটনার পর হাফিজুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করেন। পরে তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এসএইচ