মানিকগঞ্জে অবৈধ দুই ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

ইটভাটাতে মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযান
ইটভাটাতে মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযান | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে সদর উপজেলার খাগড়াকরি গ্রামের মেসার্স মালেক ব্রিক্স এবং সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া এলাকার মেসার্স খান ব্রিকসকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে দেখা যায়, ইটভাটাগুলোর কোনো বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নেই। এছাড়া দুইটি ভাটাই বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে, যা বিদ্যমান আইন অনুযায়ী নিষিদ্ধ।

এ কর্মকর্তা বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারায় এসব অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে।’ ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়রা বলছেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই এ ধরনের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এসএইচ