হবিগঞ্জে চা-বাগানে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আটক ১

পুলিশের হেফাজতে আটক যুবক
পুলিশের হেফাজতে আটক যুবক | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জের চা বাগানে ঘুরতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এসময় অভিযুক্তরা তরুণীর সঙ্গে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে বলে জানা যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়া (৩৫) নামক এক যুবককে লুট হওয়া স্বর্ণালঙ্কারসহ আটক করেছে বলে নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

গতকাল (সোমবার, ২৩ মার্চ) জেলার মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক জসিম তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ধর্ষণের একাধিক মামলা রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘ঈদ আনন্দ উপভোগ করতে দুই বন্ধুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরে ঘুরতে এসেছিলেন তরুণী। তারা সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে সুরমা চা বাগানে যান। সেখানে তরুণী এবং তার ছেলে বন্ধু বাগানের কিছুটা ভেতরে প্রবেশ করলে দুই যুবক তাকে ছিনিয়ে নেয়। পরে বাগানের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ শেষে শরীরে থাকা স্বর্ণালঙ্কার লুটপাট করে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত এক যুবককে আটক করে। একই সঙ্গে উদ্ধার করা হয় লুট হওয়া স্বর্ণালঙ্কার।’

ওসি আরও বলেন, ‘তরুণী দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সকালে আটক জসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তরুণীর চিকিৎসা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চলমান।’

এসএইচ