নিহত শহীদুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি’র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার হত্যাকাণ্ডে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ঢাকার গুলশান থেকে তিনি নিখোঁজ হন। পরদিন ২২ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের নিচে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের কাছে থাকা কাগজপত্র ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়।
শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত থেকে এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে।’





