চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ জাতের আম নিয়ে বসেছে ‘আম মেলা’

আমের মেলা
আমের মেলা | ছবি: সংগৃহীত
0

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে দেশি-বিদেশি ১৮৩ জাতের আম নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আম মেলা’। তোতাপুরি, জাদুজেম, শরবতি, ব্রুনাই কিং, কিউজাই, কেইট, ঊষাপন্নি, দিলসাদসহ নানা জাতের আমের সমাহারে জমে উঠেছে এ আয়োজন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) শুরু হওয়া এ মেলা চলবে আগামীকাল (শনিবার, ২০ জুন) পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জে শুরু হওয়া আমের মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘আমের জাত প্রদর্শনী’ স্টল। এ স্টলে জেলার উৎপাদিত ১৮৩ জাতের আম একসঙ্গে প্রদর্শন করা হয়েছে। ছাব্বিশ হাজারি, গুটি, চাষা বুলি, কিউজাই, তোতাপুরি, জাদুজেমসহ পরিচিত-অপরিচিত নানা জাতের আম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এক ছাদের নিচে এত বিপুলসংখ্যক আমের জাতের সমাহার মেলায় আসা মানুষদের দৃষ্টি কাড়ছে।

আয়োজকরা বলছেন, মেলায় প্রদর্শিত প্রতিটি আমের স্বাদ, রং ও বৈশিষ্ট্য ভিন্ন। বিলুপ্তপ্রায় দেশিয় জাতগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন।

চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৪ লাখ ৫৮ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা।

জেআর