সাগর থেকে ফিরছে ট্রলার, কক্সবাজার ফিশারিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য

Jobaiar Rahman
ইলিশ মাছ
ইলিশ মাছ | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো ধীরে ধীরে ফিরতে শুরু করেছে কক্সবাজার ফিশারিঘাটে। ট্রলারের সঙ্গে ফিরছে ইলিশও। ফলে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার ফিশারিঘাটে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। মাছ, জেলে, আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ঘাট এলাকা।

আজ (বুধবার, ১৭ জুন) সকাল থেকে ফিশারিঘাটে বিভিন্ন ট্রলার থেকে ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ নামাতে দেখা যায়। তবে জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছের উপস্থিতি আশাব্যঞ্জক হলেও বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রত্যাশামতো মাছ ধরা সম্ভব হচ্ছে না।

ফিশারিঘাটের মাছ ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, ‘কয়েকদিন ধরে অল্প অল্প করে ইলিশ আসতে শুরু করেছে। এখনো সরবরাহ খুব বেশি না হলেও বাজারে রুপালি ইলিশের উপস্থিতি ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে আকারভেদে প্রতি কেজি ইলিশ ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের ইলিশের দাম আরও বেশি। সামনে আবহাওয়া ভালো থাকলে ইলিশের সরবরাহ বাড়বে এবং বাজার আরও জমে উঠবে।’

আরেক মাছ বিক্রেতা মোহাম্মদ সেলিম বলেন, ‘নিষেধাজ্ঞার পর ইলিশ আসা শুরু হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছেন। তবে এখনো মাছের পরিমাণ কম থাকায় দাম কিছুটা বেশি রয়েছে।’

ফিশারিঘাট সংশ্লিষ্টরা জানান, নিষেধাজ্ঞা শেষে ধীরে ধীরে ট্রলার ফিরতে শুরু করায় ঘাটে আবারও প্রাণ ফিরে এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের সরবরাহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন ব্যবসায়ী ও জেলেরা।

জেআর