আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেয়া সম্ভব ছিলো না। নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
‘অর্থশালী না হলেও যেসব মানুষের জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোলার প্রাকৃতিক গ্যাসের বিষয়ে স্পিকার বলেন, ‘জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে ভোলার মজুতের তুলনা করলে এখানে আরও গ্যাসের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা যায়। ভোলার সাধারণ মানুষের গ্যাসের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এ সংকটে ভুগছেন।’
গ্যাস পাওয়া ভোলাবাসীর ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।





