সাংবাদিক আলিফ হত্যায় গ্রেপ্তার এক

অপরাধী
অপরাধী | ছবি: সংগৃহীত
0

নেত্রকোনার দুর্গাপুরে সাবেক সেনা সদস্য ও অনলাইন আইপি টেলিভিশন রূপসী বাংলা’র সাংবাদিক লুৎফুর জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যতম সহযোগী অপূর্বকে (২৮) আটক করেছে পুলিশ।

অপূর্বকে আটকের সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

এর আগে গতকাল (শনিবার, ১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের উৎরাইল তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। ওই ঘটনার পরদিন ১৬ অক্টোবর নিহতের দ্বিতীয় স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যার ঘটনার অন্যতম সহযোগী অপূর্বকে আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিসহ অন্যদের চিহ্নিত করতে ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত অপূর্ব ইতিপূর্বেও চাঞ্চল্যকর আরেকটু হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়। গত ২০২৫ সালের ৯ জানুয়ারি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অপূর্ব সনাক্ত করে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছিল।

জেআর