টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

জব্দকৃত মাদক
জব্দকৃত মাদক | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গতকাল (শনিবার, ৩ অক্টোবর) দুপুরে টেকনাফ থানার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালী পাড়া মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেন (৪৫) এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নূর আলম (২৭) ও জম মুল্লোক (৫০)।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, টেকনাফের মহেশখালী পাড়া পুরুল্লার ঘাটসংলগ্ন এলাকায় কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে এসআরবি-১৫-এর একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় পৌঁছে অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অভিযানিক দলের সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হন।

পরে আটক ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের হেফাজত থেকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ইমাম হোসেনের এফসিএন নম্বর ৩০০২৯৩। তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর এস১০৯ ব্লকের বাসিন্দা। নূর আলমের এফসিএন নম্বর ২৬৭৯৮১। তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮-এর বাসিন্দা। অপর গ্রেপ্তার জম মুল্লোকের এফসিএন নম্বর ১২৫২৩০ (টি৬৭-০০০৮২৫৩৬)। তিনিও বালুখালী ক্যাম্প-১৮-এর বাসিন্দা।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও জব্দ করা অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৫ জানিয়েছে, মাদক নির্মূলে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ