মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো তরুণের

জাকারিয়া খান
জাকারিয়া খান | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরা শহরে চায়ের দোকানদারকে রক্ষা করতে মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।

গতকাল (শুক্রবার, ২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শহরের পশু হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আলহাজ্ব আব্দুর গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

মাছুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এসময় দোকানদারের সঙ্গে সেখানে থাকা এক ব্যক্তির কথা-কাটাকাটি ও মারামারির পরিস্থিতি তৈরি হয়।

তিনি বলেন, ‘পরিস্থিতি খারাপ হতে দেখে চায়ের দোকানদারকে রক্ষা এবং মারামারি থামানোর চেষ্টা করেন জাকারিয়া। এসময় হামলাকারীদের একজন ধারালো ছুরি দিয়ে তার বুক ও পেটে আঘাত করে।’

আরও পড়ুন:

পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহীদুর রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এসএস