বরগুনায় শিক্ষার্থীকে পিটিয়ে দাঁত ভেঙে দেয়ার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

প্রধান অভিযুক্ত ফয়সাল
প্রধান অভিযুক্ত ফয়সাল | ছবি: এখন টিভি
0

বরগুনার বেতাগীতে আলোচিত ও চাঞ্চল্যকর পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে মারধর করে তিনটি দাঁত ভেঙে দেয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ (সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প)। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম ও অভিযুক্ত ফয়সাল একই এলাকার বাসিন্দা ও দূরসম্পর্কের আত্মীয়। অভিযুক্ত ফয়সাল দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে পথে-ঘাটে উত্ত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল।

ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬১ নম্বর গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কোণে ওৎ পেতে থাকা ফয়সাল ও তার সহযোগীরা ছাত্রীটির ওপর অতর্কিত হামলা চালায়। এতে এলোপাথাড়ি মারধরে মেয়েটির তিনটি দাঁত ভেঙে যায় এবং সে মারাত্মক রক্তাক্ত জখম হয়।

ঘটনার সময় মেয়েটির চিৎকারে সহপাঠী ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায় এবং প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে ঘটনার পর থেকেই এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে। অবশেষে আজ দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান অভিযুক্ত ফয়সালের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করে আভিযানিক দলটি।

এসআরবি-৮ এর কোম্পানি অধিনায়ক আরো জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান এখনও অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ