শেরপুরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

শেরপুরের শ্রীবরদী থেকে কালু মিয়া (২০) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ​(সোমবার, ২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া ইউনিয়নের কালিবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাদশা মিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে একই এলাকার কমলউদ্দিনের ছেলে বাদশা মিয়ার সঙ্গে মাছ ধরতে বাড়ি থেকে বের হন কালু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্বজনরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর আজ সকালে স্থানীয়দের মাধ্যমে কালুর মরদেহের খবর পান পরিবার। ঘটনার পরপরই জড়িত সন্দেহে অভিযুক্ত বাদশা মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

এদিকে মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল। এসময় তিনি বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আটককৃত বাদশাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফএস