পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দু’জন গ্রেপ্তার

গ্রেপ্তার দু’জন
গ্রেপ্তার দু’জন | ছবি: এখন টিভি
0

পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ‘ফুসলিয়ে ডেকে নিয়ে’ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকসহ দুজনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও মানসিক কষ্টে বিষপান করে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।

এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সোহেল (২৫) ও তার সহযোগী ইজিবাইকচালক রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকায়।

গতকাল (সোমবার, ১৪ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে ওই স্কুলছাত্রীকে বিরক্ত করতেন সোহেল। একপর্যায়ে ফুসলিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে একইভাবে তাকে বাড়ি থেকে ডেকে রফিকুলের ইজিবাইকে করে নিয়ে যান সোহেল।

পরে রাজমহল পূর্ববাগান এলাকার একটি বাড়িতে নিয়ে সোহেল ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে রাত ২টার দিকে তাকে একটি ইজিবাইকে করে মডেলহাটের দিকে পাঠিয়ে দেয়া হয়।

আরও পড়ুন:

মামলার অভিযোগ অনুযায়ী, ওই ইজিবাইকে একা পেয়ে চালক ও দুই যাত্রী স্কুলছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে তিনি ইজিবাইক থেকে লাফিয়ে নেমে স্থানীয় এক টলি চালকের সহযোগিতায় রক্ষা পান। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার ভাই তাকে বাড়িতে নিয়ে যান।

এরপর পরদিন সকালে বিষপান করেন ওই স্কুলছাত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর গত ১৩ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় সোহেলসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন ওই স্কুলছাত্রীর বড় ভাই। পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ‘স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তের পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ বলেন, ‘বিষপানের পর ওই স্কুলছাত্রীকে হাসপাতালে আনা হয়। পরে তাকে ধর্ষণের অভিযোগের বিষয়টি জানা যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’

এফএস