সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন-চেষ্টা, ফিরিয়ে দিলো বিজিবি

বিএসএফের পুশইন-চেষ্টা ফিরিয়ে দিলো বিজিবি
বিএসএফের পুশইন-চেষ্টা ফিরিয়ে দিলো বিজিবি | ছবি: সংগৃহীত
0

বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সকালে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপি থেকে দক্ষিণ দিকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ এ চেষ্টা চালিয়েছে বলে জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট নামের ওই এলাকায় ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট নিয়ে ওই ১০-১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে পড়লে বিজিবি সদস্যরা ভারী বৃষ্টি উপেক্ষা করে স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছান এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

আরও পড়ুন:

বিজিবির দাবি, তাদের দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হন। পরে আনুমানিক সকাল ১১টার দিকে বিএসএফ সদস্যরা ১০-১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি যেকোনো পুশ ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।’

বিজিবি অধিনায়ক আরও জানান, পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এসএইচ