সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান
স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান | ছবি: সংগৃহীত
0

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আগামীতে ৫টি স্তরে স্থানীয় সরকারের নির্বাচন করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, সেটা আমরা সঠিকভাবে পালন করতে চাই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী তথা শহরের সিটি করপোরেশনের মানুষের কাছে উপহার দেয়ার জন্য আমাদের এ মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।​

‘ইনশাআল্লাহ, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহচর্য চাই এবং আপনাদের সকল ধরণের শুভেচ্ছা চাই—যেন যে গুরুদায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর অর্পণ করেছেন, যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমি আপনাদের দোয়া প্রার্থী।’

বাংলাদেশ বিগত ১৭ বছর যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে গড়ে তুলতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যে গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে তার দুটি দিক রয়েছে, একটি হচ্ছে সারা বাংলাদেশের ও স্থানীয় সরকারের অবকাঠামো। সেটাকে গড়ে তোলা এবং বাংলাদেশের যে অনগ্রসর জনগোষ্ঠী, যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, তাদের উন্নয়ন নিশ্চিত করা।’

নরসিংদী তাঁতবোর্ড ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

জেআর