ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া স্বামী
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া স্বামী | ছবি: সংগৃহীত
0

ফরিদপুরে স্ত্রী হাসিনা বেগমকে হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরহাদ মোল্লা (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, যৌতুকের জন্য স্ত্রী হাসিনা বেগমকে প্রায়ই চাপ দিতেন ফরহাদ। একপর্যায়ে তিনি হাসিনার পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে না পারায় ২০২৩ সালের ৩১ মে রাত থেকে ১ জুন সকালের মধ্যে কোনো একসময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

হত্যার খবর পেয়ে হাসিনার বাবা মোসলেম খলিফা নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রামের মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের মধ্যে হাসিনার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে তিনি বাদী হয়ে ফরহাদ মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ফরহাদ মোল্লাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রায়ের পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আদালতের রায়ে সন্তুষ্ট।’ এ ধরনের দৃষ্টান্তমূলক রায়ের ফলে সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলে আশা করেন তিনি।

এএইচ