নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন, ৩৯ নৌকা জব্দ; একজনের কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বালুবাহী নৌকা
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বালুবাহী নৌকা | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩৯টি নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় অবৈধভাবে বালু তোলায় জড়িত থাকার অভিযোগে মো. নাজমুল মিয়া (২৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) দিনব্যাপী উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।

সাজাপ্রাপ্ত নাজমুল মিয়া উপজেলার নয়ানগর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। অভিযানে স্থানীয় উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে অবৈধভাবে তোলা ও পরিবহনের জন্য রাখা বালু জব্দ করে উপস্থিত লোকজনের সামনে নদীতে ফেলে দেয়া হয়। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকার ইঞ্জিন অকেজো করে সেগুলো নদীর পানিতে ডুবিয়ে দেয়া হয়।

একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা প্রায় ১০০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে প্রশাসন।

কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত নাজমুল মিয়াকে গতকাল বিকেলে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মহাদেও নদে পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এএম