টাঙ্গাইলে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধসহ আটক ১

পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ
পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে পিকআপসহ চালককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে।

গতকাল (বুধবার, ২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় তাকে।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ গোবিন্দাসীর টি রোডের কালা সড়ক ধরে যমুনা নদীর দিকে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয়।

এসময় চালক আটক হলেও পালিয়ে যায় অন্যরা। পরে পিকআপের চালক আজমত জানান ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে।

আরও পড়ুন:

আগেও একই পন্থায় সরকারি ওষুধ যমুনা নদীসহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলেও চালক স্থানীয়দের কাছে স্বীকার করেছে। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক পিকআপ ও চালককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম রেজাউল করিম বলেন, ‘জনগণ ওষুধ ও পিকআপ আটক করেছে। পরে আমরা থানায় এনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এফএস