আজ (শনিবার, ১ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ৯ বন্ধু মিলে বেড়াতে কক্সবাজারে আসেন অক্ষর সৌভিক রায়। তারা শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরে দুপুরে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় তিনি আকাশে থাকা অবস্থায় ছিটকে সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন:
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
স্থানীয় সূত্র জানায়, দরিয়ানগর এলাকার মো. ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং কার্যক্রমে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হলেও কিছুদিন পর তা আবারও চালু করা হয়। সর্বশেষ এই দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা ও পরিচালনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।




