গণভোটের রায় বাস্তবায়িত না হলে রাজপথে আন্দোলন—পরওয়ারের হুঁশিয়ারি

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার | ছবি: এখন টিভি
0

জনগণের প্রত্যাশা ও গণভোটের রায় বাস্তবায়িত না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার মেনে নেয়ার সুযোগ রয়েছে। তবে তা না হলে জনগণের ৭০ শতাংশ ভোটকে শক্তিতে রূপান্তর করে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করা হবে।’

আজ (শুক্রবার, ৩১ জুলাই) বিকেলে যশোরের বিডি হলে আয়োজিত ‘গণঅভ্যুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

সভায় বর্তমান শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘সর্বত্র দলীয়করণ ও দুর্নীতি বিদ্যমান। পাঁচ মাসে রাষ্ট্রের মূল কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে এখনো দলীয় প্রভাব বজায় রাখা হয়েছে। নাম পাল্টালেও রাজনৈতিক চরিত্র একই রয়ে গেছে।’

এসময় তিনি একটি বৈষম্যহীন ও দলীয়করণমুক্ত রাষ্ট্র গঠনেরও আহ্বান জানান। একই সঙ্গে ১০ দলীয় জোটের পরবর্তী আন্দোলন ও গণমিছিলসহ ঘোষিত কর্মসূচিগুলোতে জনগণকে সক্রিয়ভাবে অংশ নেয়ারও আহ্বান জানান তিনি।

দলের জেলা আমির ও যশোর ৪ আসনের সাংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেআর