কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি | ছবি: এখন টিভি
0

কুমিল্লা সীমান্তে বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৫২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসব ঘটনায় মাদকসহ ৫২৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া পলাতক রয়েছে আড়াই শতাধিক আসামি।

আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সকালে কুমিল্লা ১০ বিজিবির ব্যবস্থাপনায় জব্দ করা মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গত তিন বছরে কুমিল্লা ১০ ও সুলতানপুর ৬০ বিজিবি প্রায় ২০ হাজার ২০০টি অভিযান চালিয়ে ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবি জানায়, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩৪ হাজার ২৩৫ বোতল ফেনসিডিল, ৩৪ হাজার ১৭২ বোতল স্কাফ সিরাপ, ১৮ হাজার ৪৯ বোতল বিয়ার, ৮৪ হাজার ৯৫৮ বোতল হুইস্কি, ২৩ হাজার ৯৮১ কেজি গাঁজা এবং ৩ লাখ ১০ হাজার ৫৯৮ পিস ইয়াবা। এছাড়া বিভিন্ন ধরনের ট্যাবলেট, ইনজেকশন, সিগারেট, জর্দা ও বিড়িও রয়েছে।

আরও পড়ুন

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘কুমিল্লা ১০ বিজিবির ৯৬ দশমিক ১০ কিলোমিটার এবং সুলতানপুর ৬০ বিজিবির ৭৯ দশমিক ১০ কিলোমিটার সীমান্ত এলাকায় এসব মাদক জব্দ করা হয়েছে। বিজিবির একক অভিযান ও বিভিন্ন টাস্কফোর্সের অভিযানে উদ্ধার করা এসব মাদকদ্রব্য জনস্বার্থে ধ্বংস করা হবে।’

জেলা প্রশাসক রোজী আক্তার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক উদ্ধারে বিজিবি সফলতা দেখাচ্ছে। সকল বাহিনী ও প্রশাসনের সমন্বিত সহযোগিতায় কুমিল্লা সীমান্ত দিয়ে মাদকের চোরাচালান বন্ধ হবে বলে আশা করেন তিনি।

সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটি মূলত একটি প্রতীকী আয়োজন। পুরো রিজিয়নে মাদক উদ্ধারের পরিমাণ আরও বেশি। সাধারণ মানুষের সহযোগিতায় মাদকের সরবরাহ চেইন ধ্বংস করতে হবে। পার্শ্ববর্তী দেশ থেকে আসা মাদকের আগ্রাসনে দেশের যুবসমাজ ধ্বংস হোক, তা কোনোভাবেই কাম্য নয়।’

অনুষ্ঠানে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল ইসলাম, ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, র‌্যাব অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআর