সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ বিপুল পরিমাণে চোরাই পণ্য উদ্ধার

জব্দকৃত পণ্য
জব্দকৃত পণ্য | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়ন। আজ (শুক্রবার, ২৪ জুলাই) পৃথক পৃথক এ সব অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল সীমান্ত ফাঁড়ির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানগুলোতে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংক, ফুচকা, শিং মাছ, বিভিন্ন প্রকার ওষুধ, বাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা এবং ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ৩৪ লাখ ৬১ হাজার টাকা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার এবং পুশ ইন প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।’

জেআর