জুলাই জাদুঘর শিগগিরই খুলে দেয়া হবে: কুমিল্লায় সংস্কৃতিমন্ত্রী

জুলাই জাদুঘর শিগগিরই খুলে দেয়া হবে: কুমিল্লায় সংস্কৃতিমন্ত্রী
জুলাই জাদুঘর শিগগিরই খুলে দেয়া হবে: কুমিল্লায় সংস্কৃতিমন্ত্রী | ছবি: এখন টিভি
0

দ্রুত সময়ের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে , নতুন কমিটি গঠন করা হয়েছে।’ আজ (শুক্রবার, ১০ জুলাই) সকালে কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সবকিছু নিয়ম তান্ত্রিকভাবে হবে, অন্তর্বর্তী সরকারের কালে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি করা হয়েছে, সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। ’

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮-২০ বছর যাবত শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব ধ্বংস করেছে। জনগণের মতামতের কোনো মূল্য ছিলো না। নির্বাচনের নামে চলতো প্রহসন। লাখ লাখ কোটি টাকা লুটপাট করে ব্যাংক বীমা খাতকে ধ্বংস করেছে। বর্তমান সরকার হারিয়ে যাওয়া সকল ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।’

এ সময় কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এমপি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ