কুষ্টিয়ায় হাসপাতালে অবৈধ অ্যাম্বুলেন্স পার্কিংয়ে জরিমানা, প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট

চালক ও মালিকদের ধর্মঘট
চালক ও মালিকদের ধর্মঘট | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অবৈধ অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালক ও মালিকদের ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল (শনিবার, ৫ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স রাখার অভিযোগে অন্তত ১০ জন চালক ও মালিককে জরিমানা করা হয়।

এরই প্রতিবাদে গতকাল দুপুর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক ও মালিকরা। এতে ধর্মঘটের কারণে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকায় রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। মরদেহ পরিবহনে বিকল্প যানবাহন খুঁজতে হচ্ছে তাদের, আর রেফার্ড রোগীদের ঢাকা ও রাজশাহীতে নিতে পড়তে হচ্ছে বিপাকে। দ্রুত সংকট সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

অ্যাম্বুলেন্স চালক ও মালিকদের দাবি,অ্যাম্বুলেন্স পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা ও হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগে ইন্টার্ন চিকিৎসকের নামে বহিরাগত দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করে মেডিকেল কলেজ ও ম্যাটস শিক্ষার্থীদের চিকিৎসা সেবার দায়িত্ব দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে ঘোষণা দিয়েছেন চালক ও মালিকরা।

ইএ