আজ (শুক্রবার, ৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের শের-ই বাংলা সড়কস্থ ‘সুরাইয়া ভিলা’য় আয়োজিত ২০২৬-২০২৭ অর্থ-বছরের বাজেট বাস্তবায়নে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখানে বিনিয়োগ সম্পন্ন হলে প্রায় এক থেকে দেড় লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। একইসঙ্গে কুয়াকাটা ও কক্সবাজারের পর্যটন উন্নয়নসহ দেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়নে চীন গভীর আগ্রহ দেখিয়েছে।’
ইপিজেড এবং দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আজ দুপুরে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল পটুয়াখালী ইপিজেড পরিদর্শনে আসছে। তারা কেবল একটি বা দুটি প্লট নয়, সম্পূর্ণ ইপিজেডটি জুড়েই বিনিয়োগ করতে চাচ্ছে। আজ মালয়েশিয়ান প্রতিনিধি দলের পরিদর্শন শেষ হলে চীন প্রতিনিধি দলও পরিদর্শনের অপেক্ষায় রয়েছে। চীনও এ ইপিজেড পুরোটা চাচ্ছে। এ মেগা বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন আসবে এবং এখানে প্রায় ১ থেকে দেড় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
তিনি আরও জানান, বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগ করতে ইচ্ছুক চীন। বিশেষ করে কুয়াকাটা ও কক্সবাজারের পর্যটন (ট্যুরিজম) খাতের উন্নয়ন, সোলার এনার্জি (সৌরবিদ্যুৎ) এবং ইলেকট্রনিক্স যানবাহনের ক্ষেত্রে তারা কাজ করতে চায়।
এছাড়া চট্টগ্রাম, বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকায়ন এবং উন্নয়নের ব্যাপারেও চীনের আগ্রহ রয়েছে। চীনের সঙ্গে চলমান চুক্তিগুলো বাস্তবায়িত হলে দেশবাসী অচিরেই দেশের আকাশে অত্যাধুনিক বিমান দেখতে পাবেন।
বাজেট ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘৩রা জুলাই। ক্যালেন্ডারে জুলাই মাসে শুধু বাজেট কার্যকর হওয়ার বিষয়টিই এখন দেখা যাচ্ছে। তবে জুলাই মাস এখন খালি মনে হলেও শিগগিরই এখানে নতুন ইতিহাস যুক্ত হবে। বিএনপির কাছে জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস সবসময় ধীরে ধীরে আসে, জুলাইয়ের ইতিহাসও শীঘ্রই সামনে আসবে।’
তিনি আরও যোগ করেন, ‘দেশের শীর্ষ নেতৃত্ব ও সমাজের প্রধান ব্যক্তিরা শক্ত অবস্থানে থাকলে দেশের সবকিছুই শক্ত হাতে পরিচালনা করা সম্ভব। বাজেটের টাকা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশের চেহারা বদলে দেয়া হবে।’
দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে দেখিয়ে দেবেন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ করা সম্ভব, যার কাজ দ্রুতই দৃশ্যমান হবে।’
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট আল আমিন সুজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও দলের বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।





