ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী | ছবি : এখন টিভি
0

ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আজ (শনিবার, ২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন; সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মো. রানা গাজী (৩২), তিনি ওই এলাকার রহিম গাজীর ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রানা গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

এছাড়া তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাব-১০ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফএস