চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে উপজেলার মুশরীভুজা-বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক একই এলাকার ইয়াসিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল হকের সঙ্গে একই গ্রামের ইলিয়াস আলীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন আসাদুল হক। তাকে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।

এ সময় সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত পাঁচজন আহত হন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জেআর