নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নাটোরের লালপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে মোছা. শিউলী খাতুন (আড়াই বছর) এবং একই গ্রামের আনারুল ইসলামের মেয়ে মোছা. আফিয়া খাতুন (২ বছর)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়।

পরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যু মামলা রুজু করে বিধি মোতাবেক মরদেহ ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ