কূটনীতির মাধ্যমে ভারতীয় পুশইন সমস্যা সমাধানে কাজ চলছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ | ছবি: সংগৃহীত
0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পুশ ইন সমস্যার সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে কাজ করছে। এক্ষেত্রে বিজিবি বর্ডার এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। আজ (শুক্রবার, ১২ জুন) বিকাল সাড়ে ৫ টায় ফরিদপুরের সালথা উপজেলায় সালথা প্রেসক্লাব উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভারতের পাশ থেকে যে পুশইন করার চেষ্টা করা হচ্ছে বিজিবি সেগুলো প্রতিহত করছে। এরইমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১২ থেকে ১৩টি চিঠি দেয়া হয়েছে দিল্লিতে এ পুশ ইন বন্ধ করার জন্য।’

তিনি বলেন, ‘যেকোনো দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। আমরা আশা করব ভারত সরকার সে নীতিমালা মেনে কাজ করবে। যদি ভারতের কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে থাকে সেক্ষেত্রে কূটনীতির নিয়ম মেনে বাংলাদেশ তাদের ফেরত পাঠাবে। রাতের আঁধারে যেকোনো দেশের নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। আমরা আশা করব ভারত সরকার সে নীতিমালা মেনে কাজ করবে। রাতের আঁধারে পুশইন করা থেকে ভারত সরকার বিরত থাকবে বলে আমরা আশা করি।’

এসময় সালথা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা আসাদ মাতুব্বর প্রমুখ। এরপরে তিনি সালথা উপজেলা বাজারে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন করেন।

এএইচ