বগুড়ায় আর্জেন্টিনা-ব্রাজিলের সাপোর্টারদের যৌথ আনন্দ মিছিল

আর্জেন্টিনা-ব্রাজিলের সাপোর্টারদের যৌথ আনন্দ মিছিল
আর্জেন্টিনা-ব্রাজিলের সাপোর্টারদের যৌথ আনন্দ মিছিল | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ায়। দু’দলের সাফল্য কামনা করে যৌথভাবে আনন্দ শোভাযাত্রা বের করেছেন তারা।

ফুটবল বিশ্বকাপের বাকী আর মাত্র কয়েকদিন। এর মধ্যে সমর্থকদের উত্তেজনা বেড়েছে শহর থেকে গ্রাম-মহল্লায়।

আজ (শুক্রবার, ৫ জুন) বগুড়ায় এবং একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন ছিল। একই মাঠ থেকে একইসঙ্গে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা বগুড়াবাসীদের তাক লাগিয়ে দিয়েছে।

দুপুরের পর থেকেই শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। বিকেল ৫টায় সেখান থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। এতে পাঁচ শতাধিক সমর্থক নিজ নিজ দলের পতাকা, ব্যানার ও জার্সি পরে অংশ নেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন:

শোভাযাত্রায় অংশ নেয়া সমর্থকরা জানান, মাঠের খেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী হলেও বাস্তব জীবনে সবাই বন্ধু। খেলাকে ঘিরে বিভেদ নয় বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা পৌঁছে দিতেই তারা একসঙ্গে এই আয়োজন করেছেন।

দুই দলের সমর্থকদের কণ্ঠে এসময় উচ্চারিত হয় সম্প্রীতির স্লোগান—‘খেলা হবে মাঠে, আমরা থাকবো মিলেমিশে।’

ব্যতিক্রমী এই আয়োজন পথচারী ও ক্রীড়াপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। শোভাযাত্রাকে ঘিরে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের এই যৌথ শোভাযাত্রা প্রমাণ করেছে, প্রতিযোগিতা থাকবে মাঠে, আর মাঠের বাইরে জয় হবে সম্প্রীতি ও বন্ধুত্বের।

এসএস