নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে শিশুর বাবা, মা ও দাদি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে আকিব নামে এক প্রকৌশলী পরিবারসহ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় বিপরীতমুখী পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আকিব, তার স্ত্রী এ্যানী, চার বছরের অপর সন্তান ইহান ও আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেয়ার পথে অপর শিশু ইহানের মৃত্যু হয়। হতাহতদের সবার বাড়ি রাজশাহীর লক্ষ্মীপুরে।





