মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিখোঁজ মাদ্রাসাছাত্রকে উদ্ধারের চেষ্টা করছে
নিখোঁজ মাদ্রাসাছাত্রকে উদ্ধারের চেষ্টা করছে | ছবি: এখন টিভি
0

ভোলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মো. হাসিব (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান চালাচ্ছে। আজ (বুধবার, ৩ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হাসিব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌদ্দঘর গ্রামের মো. হাফিজ উল্লাহর ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায় হাসিব। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পড়ে সে পানিতে তলিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালান। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন:

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘নিখোঁজ শিশুকে উদ্ধারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।’

ভোলা ফায়ার সার্ভিসের টিম লিডার পরিমল মজুমদার জানান, নিখোঁজ শিশুর উদ্ধার কাজ চলছে।

অপরদিকে লালমোহন উপজেলার বদরপুরে জাইমা ও কালমা ইউনিয়নে সাহাদাত নামে দুই শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

এসএস