বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নিহত হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

সঠিক সংবাদিকতা করতে গিয়ে বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নিহত হয়েছে, প্রতিটি স্থানেই সাংবাদিকরা নির্যাতিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন মন্ত্রী।

আজ (শুক্রবার, ২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব আয়োজিত মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলেই অনেকেই ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন পান না।’

বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে।’

আরও পড়ুন:

মির্জা ফখরুল বলেন, ‘দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি। সাগর-রুনি হত্যা মামলার রহস্য আজও উদঘাটন হয়নি।’

সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্র গঠনে বিশাল ভূমিকা রয়েছে। তবে দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সংবাদ প্রকাশের আগে অবশ্যই অভিযুক্ত বা বিপরীত পক্ষের বক্তব্য নেয়া উচিত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে।’

এ সময় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এফএস