ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, ১৫টি বসতবাড়ি ভাঙচুর

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের সালথায় দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ ব্যক্তি। এসময় উভয় পক্ষের ১৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। এছাড়াও একটি জমি চাষ দেয়া ট্রলি ও খড়ের গাদায় আগুন দেয়া হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ (মঙ্গলবার, ২৬ মে) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ হাবিবুর রহমান ও ইব্রাহিম মোল্লার মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। মঙ্গলবার বিকেলে ইব্রাহিম মোল্লার সমর্থক ভ্যানচালক বাবু তালুকদার (২২) কাউলিকান্দা বাসস্ট্যান্ড এলাকায় গেলে তাকে হাবিবুর রহমানের সমর্থকরা মারধর করে।

আরও পড়ুন:

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষই দেশিয় অস্ত্র-ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের ১০ ব্যক্তি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এছাড়াও জমি চাষ দেয়া একটি ট্রলি ও খরের গাদায় অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ