মৌলভীবাজারে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

বজ্রপাতের ফাইল ছবি
বজ্রপাতের ফাইল ছবি | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের একজন ধান কাটতে গিয়ে ও একজন রাবার বাগানে কাজের সময় বজ্রপাতের শিকার হন।

আজ (শুক্রবার, ২২ মে) দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তালেব মিয়া (৪০)। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে গেছে। তিনি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।

কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধান কাটার সময় বজ্রপাতে তালেব ঘটনাস্থলেই মারা যান। পুলিশকে জানানো হয়েছে।’

আরও পড়ুন:

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে দুপুরে সদর উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগানের সেকশনে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জাহানারা বেগম।

এসএইচ