নোয়াখালীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

ভূমিসেবা মেলা উদ্বোধন করে জেলা প্রশাসক
ভূমিসেবা মেলা উদ্বোধন করে জেলা প্রশাসক | ছবি: এখন টিভি
0

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। আজ (মঙ্গলবার, ১৯ মে) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

মেলা উদ্ভোধনের সময় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন,‘জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিসেবা মেলা পালিত হচ্ছে। ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বসহ কাজ করছে সরকার। এরই মধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভূমিসেবা মেলা চলাকালীন সেবাপ্রত্যাশীগণ সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন।’

এসময় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাঁচজন ভূমির মালিককে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইয়াছিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেআর