তিনি বলেন, ‘যদি সীমান্ত রক্ষা না করতে পারেন তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী তাদের হাতে দেশ নিরাপদ নয়।’
আজ (মঙ্গলবার, ১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।
নিহতদের চোরাকারবারি উল্লেখ করে বিজিবির দেয়া প্রেস রিলিজের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিজিবি থেকে যে প্রেস রিলিজ দেয়া হয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারি, চোরাকারবারি আখ্যায়িত করা হয়েছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলব বিজিবিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। পিলখানা হত্যাকাণ্ডের আগে বিএসএফ মারা যেতো। পিলখানা হত্যাকাণ্ডের পর এ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা সরকার গঠন করি সীমান্ত এলাকাজুড়ে খাল খনন করব। যাতে ওপার থেকে আর মাদক বাংলাদেশে না পাঠাতে পারে। যুবসমাজকে নষ্ট না করতে পারে। ভারত সীমান্তে প্রচুর মাদকের কারখানা স্থাপন করেছে। অনেক সংসদ সদস্য এ ব্যবসার সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি মাদকের সঙ্গে জড়িত আছে। না হলে বাংলাদেশে মাদক আসে কীভাবে?’
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।





