রাজশাহীতে ১৫ মে থেকে বাজারে তোলা যাবে আম, জেলা প্রশাসনের সিদ্ধান্ত

রাজশাহীর আম
রাজশাহীর আম | ছবি: এখন টিভি
0

বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে এবারও গাছ থেকে আম নামানোর সময় বেধে দিয়েছে প্রশাসন। রাজশাহীতে আগামী ১৫ মে থেকে গাছ থেকে আম নামিয়ে বাজারে তুলতে পারবেন চাষিরা।

আজ (রোববার, ১০ মে) দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ে কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করে জেলা প্রশাসন আম নামানোর এ তারিখ নির্ধারণ করে।

সভায় সবার মতামতের ভিত্তিতে আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে ১৫ মে থেকে। উন্নতজাতের আমের মধ্যে গোপালভোগ ২২ মে, লক্ষণভোগ বা লখনা ও রানিপছন্দ ২৫ মে এবং হিমসাগর বা ক্ষীরশাপাত ৩০ মে থেকে নামিয়ে হাটে তুলতে পারবেন বাগানমালিক ও চাষিরা।

এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও আম্রপালি এবং ৫ জুলাই থেকে বারি-৪ ও ১০ জুলাই থেকে আশ্বিনা আম নামানো যাবে। নির্ধারিত সময়ের আগে আম বাজারে পেলে ব্যবস্থা নেবে প্রশাসন।

আরও পড়ুন:

রাজশাহীতে সবচেয়ে বড় আমের হাট বসে পুঠিয়ার বানেশ্বরে। এছাড়া বাঘার আড়ানি, মনিগ্রাম, বাউসা ও পাকুড়িয়া এবং মোহনপুরের কামারপাড়ায় পাইকারি আমের হাট বসে। হাটগুলোর বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে এরই মধ্যে প্রস্তুতি নিতে বলেছে প্রশাসন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, মে মাসের ১৫ তারিখের আগে কোনো গাছ থেকে আম নামানো যাবে না।

যদি প্রশাসনিক সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ অপরিপক্ক আম নামায়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আম বাগানী ও ব্যবসায়ীরা বলছেন, প্রশাসন থেকে চূড়ান্ত তালিকা প্রণয়ন করলেও ভালো মানের আম বাজারে আসতে অন্তত ২০ দিন অপেক্ষা করতে হবে। তাদের মতে, এবার গাছে আম কম হওয়ায় বাড়তে পারে দাম।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলাতে ১৯ হাজার ১৮৮ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। যেখান থেকে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।

এসএইচ