উপদেষ্টার দায়িত্ব শেষে ক্লাসরুমে ফিরলেন খালিদ হোসেন

ক্লাস নিচ্ছেন খালিদ হোসেন
ক্লাস নিচ্ছেন খালিদ হোসেন | ছবি: এখন টিভি
0

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে আবারও শিক্ষকতা পেশায় ফিরেছেন ড. আ ফ ম খালিদ হোসেন। চব্বিশের ৫ আগস্টের পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আলোচনায় আসেন। বিশেষ করে হাজীদের উদ্বৃত্ত অর্থ ফেরত দেয়ার পদক্ষেপটি ব্যাপক প্রশংসা কুড়ায়।

সরকারি দায়িত্ব শেষে তিনি ফিরে গেছেন তার পুরনো কর্মক্ষেত্রে। চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ায় (জিরি মাদ্রাসায়) বর্তমানে তিনি নিয়মিত পাঠদান করছেন। সপ্তাহে দুই দিন ক্লাস নেন তিনি। শিক্ষককে আবারও কাছে পেয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দিত।

মাদ্রাসার দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর সমমান) বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘হুজুরের ক্লাস আমরা খুব উপভোগ করি। তিনি শুধু পাঠ্য বিষয়েই সীমাবদ্ধ থাকেন না, বাস্তব জীবনের নানা দিক নিয়েও আলোচনা করেন। আমাদের একজন শিক্ষক দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন-এটা আমাদের জন্য গর্বের।’

প্রতিষ্ঠানের মুহতামিম (মহাপরিচালক) মাওলানা খুবাইব বিন তৈয়ব বলেন, ‘তিনি ২০২১ সাল থেকে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালনকালে সময় দিতে পারেননি। তবে দায়িত্ব শেষে আবার আমাদের মাঝে ফিরে আসা আমাদের জন্য গর্বের বিষয়। বর্তমানে তিনি নিয়মিত ইতিহাস ও হাদিস শাস্ত্র পড়াচ্ছেন।’

আরও পড়ুন:

খালিদ হোসেন বলেন, ‘শিক্ষকতাই আমার মূল পরিচয়। জীবনের এই পর্যায়ে এসে আবার শিক্ষার্থীদের মাঝে থাকতে পেরে আমি আনন্দিত। বাকি সময়টুকু শিক্ষার সঙ্গেই কাটাতে চাই।’

তিনি জানান, ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ব্যস্ততা কমানোর জন্য কিছু দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

নিজের শিক্ষকতার প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘জিরি মাদ্রাসায় পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দলাদলি নেই এবং শিক্ষকদের মধ্যেও রয়েছে আন্তরিক সম্পর্ক।’

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘সিন্ডিকেটকে মাথাচাড়া দিয়ে উঠতে দিইনি। সুষ্ঠু ব্যবস্থাপনায় সবার আন্তরিক প্রচেষ্টা ছিল। প্রধান উপদেষ্টার নির্দেশনা ছিল-কোনো হাজী যেন হজে যেতে ব্যর্থ না হন।’

আরও পড়ুন:

ড. খালিদ হোসেন দীর্ঘদিন চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে (১৯৭৩–১৯৮৪) তিনি দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী ও দ্যা বাংলাদেশ টাইমস— এ কাজ করেছেন। তিনি একজন খ্যাতিমান লেখক, গবেষক এবং বহু গ্রন্থের প্রণেতা।

২০২৪ সালের আগস্টে তিনি অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মধ্যপন্থী আলেম হিসেবে পরিচিত ড. খালিদ হোসেন ইসলামি জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

দায়িত্বের ব্যস্ততা পেরিয়ে জ্ঞানের আলোয় ফিরে আসা এই শিক্ষকের প্রত্যাবর্তন শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।

এসএস