সদর উপজেলায় পরিচালিত এক অভিযানে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।
এসময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এর মধ্যে চারটি যানবাহন থেকে মোট দুই হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং পাঁচটি হর্ন জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
আরও পড়ুন:
অন্যদিকে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আড়াইহাজার উপজেলায় ইটিপি বিহীন তরল বর্জ্য উৎপন্নকারী অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন:
অভিযানে ‘নিউ আলম ডাইং’ এবং ‘আব্দুর রব ডাইং’ নামের দু’টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। তবে ‘এম আর ডাইং’ বর্তমানে ‘বিসমিল্লাহ টেক্সটাইল’ নামে চালু থাকলেও সেখানে ডাইং বা ওয়াশিং কার্যক্রম না থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এছাড়া ‘মায়ের দোয়া’ নামের একটি কারখানার অস্তিত্ব পাওয়া যায়নি।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাসেদ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়গুলো গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী যানবাহন ও শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





