ফরিদপুরে আসামিদের হামলায় ৫ পুলিশ আহত

ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা
ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের চরভদ্রাসনে আসামি ধরতে গিয়ে আসামি ও তার সহযোগীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকাল ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর ছালেপুরে এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন; চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন হোসেন, এসআই মোজাম্মেল হক, এসআই মো. রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জল হোসেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আহত পুলিশ সদস্যরা সাধারণ পোশাকে একটি মামলার আসামি ওই এলাকার ছোরমান খাঁ’র ছেলে কবির খাঁ’কে গ্রেপ্তার করতে যায়। বাজার থেকে কবির খাঁকে আটক করে তার হাতে হ্যান্ডকাফ লাগায়। এ সময় বাজারে থাকা কবির খাঁর ভাই ও সমর্থক স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালিয়ে কবির খাঁকে ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

আরও পড়ুন:

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, পুলিশের পাঁচ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়া হলেও তারা ভর্তি হয়নি।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক মো. রফিকুজ্জামান বলেন, ‘সন্ত্রাস বিরোধী আইনে কবির খাঁকে আটক করা হয়। এ সময় তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তাকে পুনরায় আটক ও ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এফএস