জমি বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই আটক

সাতক্ষীরা খানা
সাতক্ষীরা খানা | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জিতেন মন্ডলকে (৫৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ভারতে পালানোর সময় তার দুই চাচাতো ভাইকে আটক করেছে বিএসএফ।

আজ (শনিবার, ২২ আগস্ট) ভোরে সাতক্ষীরার চারাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের আমুদিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে বলে সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

নিহত জিতেন মন্ডল সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের ছিরু মন্ডলের ছেলে। গতকাল (শুক্রবার, ২১ আগস্ট) সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। আটক দুইজন হলেন, গড়িয়াডাঙ্গা গ্রামের পাঁচু মন্ডলের ছেলে তপন মন্ডল (৩০) ও ভগেন মন্ডল (৩৫)। তারা নিহত জিতেন মন্ডলের আপন চাচাতো ভাই।

গড়িয়াডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মফিজুল ইসলাম জানিয়েছেন, জমিজমা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে শুক্রবার মারামারি হয়। এতে জিতেন গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিতেনের মৃত্যুর খবর পেয়ে তপন ও ভগেন ভোরে চারাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে বলে তারা জানতে পেরেছেন।

বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেছেন, পাচুর ছেলে তপন ও ভগেনের সঙ্গে ছিরুর ছেলে জিতেনের জমিজমা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জিতেন গুরুতর আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেছেন, নিজেদের মধ্যে মারামারিতে গড়িয়াডাঙ্গা গ্রামের জিতেন মন্ডল আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা যান। এ ঘটনায় অভিযুক্ত তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের ফেরত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএম