বিয়ানীবাজারে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জব্দ চোরাই পণ্য
জব্দ চোরাই পণ্য | ছবি: সংগৃহীত
0

মৌলভীবাজারের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (বুধবার, ৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) গজুকাটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালায়।

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন।

অভিযান চলাকালে বিজিবি সদস্যরা একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে চালক ও তার সহযোগীরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, উপরিভাগে পাথর দিয়ে আড়াল করে নিচে বিপুল পরিমাণ চোরাই পণ্য লুকিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন:

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪২০ কেজি ভারতীয় জিরা, ২৭ হাজার ২১৬ পিস স্ক্রিন ব্রাইট ক্রিম এবং ১৫ হাজার পিস স্ক্রিন সানরাইজ ক্রিম। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এনএইচ