কর্ণফুলী ট্রেনের মালবাহী বগি থেকে চোরাচালানকৃত শাড়ি উদ্ধার

উদ্ধারকৃত ভারতীয় শাড়ি
উদ্ধারকৃত ভারতীয় শাড়ি | ছবি: এখন টিভি
1

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে ট্রেনের মালবাহী বগি থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ। গতকাল (রোববার, ৫ এপ্রিল) বিকেলে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেসে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে শাড়িগুলো জব্দ করে।

আজ (সোমবার, ৬ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম জানান, কর্ণফুলী এক্সপ্রেসে করে পণ্য চোরাচালান হচ্ছে- এমন গোপন খবরের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির একটি দল আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় ট্রেনটির মালবাহী বগি থেকে অবৈধভাবে ভারত থেকে আনা ১ হাজার ৮০ পিস শাড়ি জব্দ করা হয়।

পরে ভৈরব রেলওয়ে থানা পুলিশের সহায়তায় ভৈরব রেলওয়ে স্টেশনে গিয়ে জব্দকৃত শাড়িগুলো ট্রেন থেকে নামানো হয়। জব্দকৃত শাড়িগুলোর বাজার মূল্য আনুমানিক ৫৪ লাখ টাকা বলে জানান তিনি।

এএইচ