নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ (রোববার, ৫ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে একজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ইটভাটায় কর্মরত শ্রমিক ও সংশ্লিষ্টদের এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়েও উপস্থিত সবাইকে অবহিত করা হয়।

আরও পড়ুন:

অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র‍্যাব মোবাইল কোর্টকে সার্বিক সহায়তা প্রদান করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের বলেন, ‘পরিবেশ রক্ষায় জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধ জেলা প্রশাসন নিয়মিত মনিটরিং করে তার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।’

এএইচ